চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের আগুন, নৈশপ্রহরী আহত 

পটিয়া সংবাদদাতা

২৮ নভেম্বর, ২০২৬ | ৪:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে মুখোশধারীরা।  এ সময় ব্যাংকের মূল ফটকে আগুন ধরে যায়।  এতে আবদুর রহমান নামে এক নৈশপ্রহরী পায়ে আঘাত পেয়েছেন। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নি।
শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
 
ব্যাংকের নৈশপ্রহরী মো. ফজল কাদের জানান, ঘটনার সময় তিনি ও অপর নৈশপ্রহরী আবদুর রহমান দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনজন মুখোশধারী ব্যক্তি এসে স্প্রে মেশিনের সাহায্যে ব্যাংকের দিকে অকটেন বা কেরোসিনজাতীয় পদার্থ ছিটিয়ে দেয়। পরে দাহ্য পদার্থভর্তি দুটি বোতল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে ব্যাংকের মূল ফটকে আগুন ধরে যায় এবং অপর নৈশপ্রহরী আবদুর রহমান পায়ে আঘাত পান।
পরে দুই নৈশপ্রহরী দ্রুত বালি ও পানি দিয়ে আগুন নেভায়। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নি।
 
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, খবর পেয়ে টহল দলের সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলে যান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, দুই মুখোশধারী ব্যক্তি ককটেলজাতীয় কিছু একটা নিক্ষেপ করেছে।  এর পর তারা পালিয়ে যায়।
 
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
 
পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট