চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

দেড় হাজার বছরের চট্টগ্রাম আজও হয়নি প্রবীণবান্ধব!

দেড় হাজার বছরের চট্টগ্রাম আজও হয়নি প্রবীণবান্ধব!

তাসনীম হাসান

২৮ নভেম্বর, ২০২৬ | ১:০৩ অপরাহ্ণ

ঢাকা ও কলকাতার চেয়েও প্রাচীন চট্টগ্রাম নগরীর ইতিহাস প্রায় দেড় হাজার বছরের। এই শহরে সুলতানি ও মোগল আমলের ঐশ্বর্যের চিহ্ন যেমন রয়েছে, তেমনি আছে ব্রিটিশ শাসনামলের নানা নিদর্শন। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই নগরীতে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা, সম্প্রসারিত হয়েছে সড়ক-মহাসড়ক, এসেছে নানা নাগরিক সুযোগ-সুবিধা। কিন্তু এসব উন্নয়ন কতটা স্বস্তি দিয়েছে প্রবীণ বাসিন্দাদের? নিরাপদ চলাচল, চিকিৎসা, বিশ্রাম ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা কি নিশ্চিত হয়েছে তাঁদের জন্য?

 

বুকের ব্যথার সমস্যা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন বহদ্দারহাট এলাকার বাসিন্দা মোহাম্মদ সাহাবউদ্দিন। নগরের প্রবর্তক এলাকা থেকে হেঁটে হাসপাতালে যাওয়ার পথে উঁচু-নিচু ফুটপাতে পড়ে যান তিনি। এতে তিনি পায়ে গুরুতর আঘাত পান। বুকের ব্যথার চিকিৎসা নিতে বেরিয়ে নতুন করে যুক্ত হয় পায়ের ব্যথাও।

 

বয়সের ভারে স্বাভাবিক চলাফেরাই যেখানে কঠিন, সেখানে ফুটপাতের দুরবস্থা তাঁকে আরও ভোগান্তিতে ফেলেছে। সাহাবউদ্দিনের এই অভিজ্ঞতা নগরে প্রবীণদের চলাচলের বাস্তব চিত্রের একটি উদাহরণ মাত্র। চট্টগ্রামের ফুটপাতের বড় অংশ দখল, ভাঙাচোরা ও উঁচু-নিচু। সড়ক পারাপারে পর্যাপ্ত নিরাপদ ব্যবস্থা নেই। ফুটওভার ব্রিজের সিঁড়ি ভেঙে ওঠানামা করাও অনেকের জন্য কষ্টকর। গণপরিবহনে ওঠানামা ও আসন পাওয়ার ক্ষেত্রেও তাঁদের ভোগান্তি পোহাতে হয়।

 

চিকিৎসাসেবার ক্ষেত্রেও রয়েছে সীমাবদ্ধতা। বয়স বাড়ার সঙ্গে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাতব্যথা, দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির সমস্যা দেখা দেয়। প্রয়োজন হয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার। কিন্তু বিশেষায়িত জেরিয়াট্রিক চিকিৎসা, আলাদা সহায়তা ডেস্ক কিংবা বাড়িতে স্বাস্থ্যসেবা কতটা সহজলভ্য, তা নিয়ে প্রশ্ন রয়েছে। হাসপাতালের দীর্ঘ লাইন ও এক বিভাগ থেকে অন্য বিভাগে ছোটাছুটিও প্রবীণদের জন্য কষ্টকর।

 

চিকিৎসা ও যাতায়াতের বাইরেও রয়েছে নানা সংকট। পর্যাপ্ত নিরাপদ হাঁটার জায়গা, বিশ্রামের বেঞ্চ, বয়স উপযোগী ব্যায়ামের সরঞ্জাম ও সামাজিক মেলামেশার কেন্দ্র সীমিত। একাকী বসবাসকারী প্রবীণদের নিয়মিত খোঁজখবর নেওয়া কিংবা জরুরি সময়ে সহায়তার প্রাতিষ্ঠানিক ব্যবস্থাও পর্যাপ্ত নয়। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া পূর্বকোণকে বলেন, ‘নারীরা এখন আকাশজয় করছে, রাষ্ট্র চালাচ্ছেন, সবদিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু সে অনুযায়ী শহরের অবকাঠামোগত উন্নয়নে নারীদের জন্য পরিকল্পনা করা হয় না।

 

গণপরিবহন কিংবা গণশৌচাগার প্রবীণ নারীদের জন্য তেমন কোনো ব্যবস্থাই নেই। অনেকে প্রবীণদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, মনে করেন এতে একাকীত্ব কাটবে। আমি এটার পক্ষে নই। এটা শেষ বয়সে একজন মানুষকে অপমান করার শামিল।’

 

নগর পরিকল্পনাবিদ ও যোগাযোগ বিশেষজ্ঞ প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, ‘শুধু প্রবীণ না, আসলে শহরটাতে কারও জন্যই কিছুই হয়নি। ফ্লাইওভার, টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় অবকাঠামো নির্মাণ হলেও সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রত্যাশিত পরিবর্তন আসেনি। প্রবীণদের জন্য আলাদা কিছু সুবিধা তৈরি করলেই হবে না, নগরকে সব শ্রেণি-পেশার মানুষের জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, দূরদৃষ্টি এবং যোগ্য ব্যক্তিদের যথাযথ জায়গায় দায়িত্ব দেওয়া। নগর উন্নয়নে মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার না দিয়ে প্রকল্পনির্ভর উন্নয়ন চলছে।’

 

অথচ উন্নত বিশ্বের অনেক নগরে প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সিঙ্গাপুরে পাড়াভিত্তিক প্রবীণ কেন্দ্র, দিবাযত্ন ও বাড়িতে পরিচর্যার সুযোগ রয়েছে। জাপানে বাধামুক্ত ফুটপাত, লিফট ও বয়স উপযোগী গণপরিবহনের ওপর গুরুত্ব দেওয়া হয়। ইউরোপের বিভিন্ন শহরে প্রবীণদের জন্য কমিউনিটি সেন্টার, পাঠাগার ও বিনোদনের ব্যবস্থা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রবীণবান্ধব নগর কাঠামোতেও পরিবহন, আবাসন, স্বাস্থ্যসেবা, উন্মুক্ত স্থান ও সামাজিক অংশগ্রহণসহ আটটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

 

বাংলাদেশে জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩ থাকলেও এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। একটি নগরের উন্নয়ন শুধু উড়ালসড়ক কিংবা সুউচ্চ ভবন দিয়ে পরিমাপ করা যায় না। একজন প্রবীণ মানুষ কতটা নিরাপদে ঘর থেকে বের হতে পারছেন, নির্বিঘ্নে চিকিৎসা নিতে পারছেন এবং মর্যাদার সঙ্গে বাকি জীবন কাটাতে পারছেন, সেটিও উন্নয়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি। আজকের তরুণরাই একদিন প্রবীণ হবেন। তাই প্রবীণদের জন্য বাসযোগ্য নগর গড়ে তোলা মানে সবার জন্যই বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা।

 

তবে বয়স্ক নাগরিকদের জন্য প্রবীণ কেন্দ্র নির্মাণসহ নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। তিনি বলেন, ‘এই বিষয়ে সমাজকল্যাণ অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া সিটি সেন্টার নির্মাণের যে পরিকল্পনা রয়েছে, সেখানে প্রবীণদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হবে।’

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট