চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরপুরে যাত্রীবেশে চলন্ত বাসে আগুন

মিরপুরে যাত্রীবেশে চলন্ত বাসে আগুন

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৬ | ১০:৪৪ অপরাহ্ণ

রাজধানীর মিরপুর ১০ নম্বরে ‘ইতিহাস পরিবহন’ নামে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১০ গোলচত্বর থেকে মিরপুর ১-এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘চলন্ত বাসটিতে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’
 
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
 
উল্লেখ্য, এর আগে শনিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় পুলিশের একটি পরিত্যক্ত পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট