চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

২০ বছর আগে নানা, মা ও বাবাকে মেরে ফেলেছে হাতির পাল

চট্টগ্রামে যুবককে শুঁড় দিয়ে উপরে তুলে ফেলে দিল হাতি, শৈশবেও ছুড়ে ফেলেছিল

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২৮ নভেম্বর, ২০২৬ | ১২:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে মো. সাহাব উদ্দিন (২৫) নামের এক যুবককে ফের শুঁড় দিয়ে তুলে দূরে ছুড়ে মেরেছে বন্য হাতি। এতে সাহাব উদ্দিন গুরুতর আহত হয়েছেন। 
 
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। 
 
আহত সাহাব উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
তিনি উপজেলার আমুচিয়া ৯ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের মৃত বাঁচা মিয়ার ছেলে।  সাহাব উদ্দিন পেশায় একজন বাগান শ্রমিক। 
 
২০ বছর আগে একইসঙ্গে সাহাব উদ্দিন হাতির আক্রমণে বাবা-মা ও নানাকে হারিয়েছেন। ওইদিন ৬ বছরের সাহাব উদ্দিনকে হাতি শুঁড় দিয়ে তুলে ছুড়ে মেরেছিলো। সে খড়ের গাদায় পড়ায় প্রাণে বেঁচে গিয়েছিলো বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর।
 
তিনি বলেন, বন্য হাতির পাল ২০ বছর আগে সাহাব উদ্দিনদের বসত বাড়িতে আক্রমণ করে তার নানা ও মা বাবাকে মেরে ফেলেছে। তখন হাতি তাকে শুঁড় দিয়ে ছুড়ে ফেললে সে প্রাণে বেঁচে যায়।
 
গতকাল শুক্রবার আমুচিয়ায় বন্য হাতির পাল লোকালয়ে চলে আসলে এলাকাবাসী হাতি তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। পালে প্রায় ১৪টি ছোট বড় হাতি ছিলো।
 
এই সময় সাহাব উদ্দিনও এলাকাবাসীর সাথে ছিলো। তারা পালের পিছু ছুটছিলেন। হঠাৎ একটি হাতি দলছুট  হয়ে পেছনে তেড়ে আসলে সাহাব উদ্দিন রাস্তায় পড়ে যায়। এ সময় তাকে শুঁড় দিয়ে তুলে দূরে ছুড়ে মারে হাতিটি। এতে সাহাব উদ্দিন গুরুতর আহত হন।
 
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন স্থানীয়রা।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজর্ষী নাগ বলেন, হাতির আক্রমণে আহত সাহাব উদ্দিনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
 
পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট