চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

দেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই

দেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই

ইউএই প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০২৬ | ৮:১৩ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসী কমিউনিটির উন্নয়ন ও নানা সমস্যা নিরসনে বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধ, স্থানীয় আইন-কানুন সম্পর্কে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটিতে শৃঙ্খলা ফেরাতেও ভূমিকা রাখতে চায় সংগঠনটি।
 
শুক্রবার দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে জার্নালিস্ট ফোরাম ইউএইর নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ এই প্রত্যয় ব্যক্ত করেন।
 
সভায় বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে ভিসা সংকটসহ নানা সমস্যায় রয়েছেন, যার পেছনে মুষ্টিমেয় কিছু ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডও দায়ী। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রবাসীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। ইউএই একটি সুশৃঙ্খল দেশ উল্লেখ করে বক্তারা স্থানীয় আইন মেনে চলা এবং দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক প্রবাসীকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
 
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামান বলেন, ব্যক্তিগত স্বার্থে প্রবাসে অনেকে হিংসাত্মক ও নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এতে বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ও প্রবাসীদের সম্মানহানি ঘটছে। প্রবাসে ইতিবাচক ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে এসব অপকর্মের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
 
প্রবাসীদের মধ্যে সচেতনতা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন কনসাল জেনারেল।
 
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস উইং) জিয়াউল হক মীর, দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহির, জার্নালিস্ট ফোরাম ইউএইর সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহসভাপতি এনাম হোসেন, সহসভাপতি নওশের আলম, সাধারণ সম্পাদক আবু ছালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাসেদুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন সিকদার, প্রচার সম্পাদক এস এম গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য মনির হোসেন।
 
সভা শেষে সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাদারিত্ব বজায় রাখা এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ মিশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট