চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

দেশের ভেতরে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ভেতরে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৬ | ৮:৩৬ অপরাহ্ণ

সীমান্তের ওপারে কে কী করছে তা দেখার বিষয় নয়, তবে দেশের অভ্যন্তরে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।
 
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
 
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি জানতে চাইলে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। যেকোনো অস্থিরতা মোকাবিলায় পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে।
 
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে সুশৃঙ্খল রয়েছেন। তবে সীমান্তের ওপারের উসকানিতে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি বিচ্ছিন্নভাবে মশালমিছিল ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কখনোই সফল হবে না।
 
এর আগে মন্ত্রী কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁদের উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন। দায়িত্ব পালনে ধৈর্য ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য আহত সদস্যদের পুলিশ পদকসহ পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি। পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা ও হাসপাতালের আধুনিকায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
 
পরে স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গিয়ে গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের খোঁজখবর নেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট