চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

২১ বছরের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে ইতি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৬ | ৭:০৯ অপরাহ্ণ

দীর্ঘ ২১ বছরের বেশি সময়ের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহিম। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে মিরপুর টেস্ট দিয়ে অবসর নিচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

সেঞ্চুরিয়নে পুরো পাঁচ দিন খেলা হলে শনিবার দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা ছিল বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটারদের। দুদিন বাকি থাকতেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় আগেভাগেই দেশে ফেরেন তারা। আর এটিই হয়ে রইল জাতীয় দলের সঙ্গে মুশফিকুর রহিমের শেষ সফর।

দেশে ফিরে ক্যারিয়ারের বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুশফিক। ঘরের মাঠে সামনের ইংল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন সাবেক অধিনায়ক। আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচ দিয়ে থামছে মুশফিকের আন্তর্জাতিক অধ্যায়।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার এক সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের খবর জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। তাই বিদায়ের জন্য ওই সিরিজটিই বেছে নিয়েছেন মুশফিক। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুরে হবে মুশফিকের বিদায়ী ম‍্যাচ।

লর্ডসে ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। প্রায় ২২ বছর পর এবার ২০২৭ সালের জানুয়ারিতে একই দলের বিপক্ষে পর্দা নামবে তার দীর্ঘ ক্যারিয়ারের।

মুশফিকের সামনে হাতছানি বা সম্ভাবনা ছিল লর্ডসেই বিদায় জানানোর। ওই মাঠে আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। সেই পর্যন্ত অপেক্ষা না করে, টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের শেষ সিরিজের প্রথম ম্যাচেই থামবেন ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান।

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট