জীবনের শেষ বিদায়েও যেন দুর্ভোগ থেকে মুক্তি মিলল না ৬৫ বছর বয়সী জাগের আহমদের। মৃত্যুর পর স্বজনদের কাঁধে চড়ে পারিবারিক কবরস্থানে যাওয়ার কথা থাকলেও জরাজীর্ণ বাঁশের সাঁকো বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত খাটিয়াসহ মরদেহ নৌকায় তুলে খাল পার করে ওপারের কবরস্থানে নিয়ে দাফন করতে হয়েছে তাকে।
শুক্রবার দুপুরে আনোয়ারার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের সাপমারা খালে এ ঘটনা ঘটে। একজন মৃত ব্যক্তির শেষযাত্রায় এমন দুর্ভোগের দৃশ্য স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। তাদের মতে, এটি শুধু একটি পরিবারের দুর্ভোগ নয়, বরং দীর্ঘদিনের অবহেলা ও যোগাযোগব্যবস্থার বেহাল দশার বাস্তব চিত্র। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বার্ধক্যজনিত কারণে মারা যান দক্ষিণ সরেঙ্গা গ্রামের বাসিন্দা জাগের আহমদ (৬৫)।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য তাঁর মরদেহ খাটিয়ায় করে সাপমারা খালের ওপারে নেওয়ার প্রস্তুতি নেন স্বজনরা। কিন্তু খালের ওপর স্থায়ী কোনো সেতু না থাকায় এবং একমাত্র বাঁশের সাঁকোটি অতিমাত্রায় নড়বড়ে হওয়ায় খাটিয়া নিয়ে পার হওয়া সম্ভব হয়নি। পরে বিকল্প কোনো উপায় না পেয়ে নৌকায় করে মরদেহ খালের ওপারে নেওয়া হয়।
সেখান থেকে কাদামাটির পথ পেরিয়ে কবরস্থানে পৌঁছানোর পর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। এলাকাবাসীর দাবি, সাপমারা খালের ওপর একটি স্থায়ী সেতু না থাকায় রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নের অন্তত ছয়টি গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে নারী ও বয়স্কদের প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার করতে হয়। জরুরি চিকিৎসার প্রয়োজনে কোনো রোগীকে উপজেলা কিংবা চট্টগ্রাম শহরের হাসপাতালে নিতে গেলেও পড়তে হয় চরম বিপাকে।
শুধু যাতায়াত নয়, সেতুর অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার অর্থনীতিও। স্থানীয়দের আয়ের অন্যতম উৎস মৎস্য খাত। যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ায় মাছ পরিবহন, বাজারজাতকরণ ও ব্যবসা-বাণিজ্যে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। ফলে সম্ভাবনা থাকা সত্তে¡ও পিছিয়ে পড়ছে এলাকার আর্থসামাজিক উন্নয়ন।
রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, কয়েক যুগ ধরে ব্যবহৃত এই জরাজীর্ণ সাঁকোর স্থানে একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বহুবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। সেতু না থাকায় বিভিন্ন সময় নৌকায় করে মরদেহ পারাপারের মতো হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
তবে দীর্ঘদিনের এই দুর্ভোগ অবসানের বিষয়ে সম্প্রতি কিছুটা আশার সঞ্চার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও ভ‚মি প্রতিমন্ত্রীর সুপারিশে সাপমারা খালের ওপর সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
সেতু নির্মাণের বিষয়ে আনোয়ারা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. রাকিব হোসাইন বলেন, সেতুটি নির্মাণের অনুমোদন ইতিমধ্যে পাস হয়েছে। এ বিষয়ে যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। সরেজমিনে গিয়ে সেতুর পরিমাপ ও অবস্থান নির্ধারণ করে দ্রুত মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। আশা করছি, খুব শিগগিরই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে।
পূর্বকোণ/নুসরাত

















