বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শুক্রবার পাকিস্তানের লাহোরে কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবাল এবং করাচিতে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদ-ই-আজম মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার উচ্চপর্যায়ের একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করে। শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশন ও পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ এ খবর জানিয়েছে।
ঢাকায় পাকিস্তান হাই কমিশনও তাদের ফেইসবুক পেইজে জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের পুষ্পস্তবক অর্পণের ছবি প্রকাশ করেছে।
এপিপির প্রকাশিত ছবি ও বিবরণ অনুযায়ী, সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর ফাতেহা পাঠ করেন স্পিকার ও তার সফরসঙ্গীরা।
এ সময় তারা সমাধিসৌধের জাদুঘরও ঘুরে দেখেন। সেখানে জিন্নাহর জীবন, রাজনৈতিক আন্দোলন এবং পাকিস্তান প্রতিষ্ঠার ইতিহাসের বিভিন্ন নিদর্শন ও স্মারক রয়েছে।
পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেতা জিন্নাহ দেশটির প্রথম গভর্নর জেনারেল ছিলেন। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলা দেশটির অংশ হয়।
জিন্নাহর সমাধি পরিদর্শনের সময় বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন সিন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য জাম শব্বির আলি খান ও পরিষদের মহাপরিচালক ইরফান আহমেদ মেমন।
সমাধি পরিদর্শন শেষে সিন্ধু প্রাদেশিক পরিষদে যান স্পিকার হাফিজ উদ্দিন। সেখানে তাকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ।
সিন্ধু প্রাদেশিক পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই স্পিকারের বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক জোরদার, দুই দেশের আইনসভার মধ্যে সহযোগিতা বাড়ানো এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সফরকালে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যদের সিন্ধুর ঐতিহ্যবাহী টুপি ও আজরাক উপহার দেওয়া হয়। দুই দেশের স্পিকার স্মারকও বিনিময় করেন।
পূর্বকোণ/মিফতা/পারভেজ
















