২৩ নভেম্বর রাতে মদীনা বিমান বন্দরে কথা হয় লোহাগাড়ার এক ব্যক্তির সঙ্গে। থাকেন রিয়াদে। মা-বাবাকে দেশে পৌঁছানোর জন্য রিয়াদ থেকে মদীনা বিমান বন্দরে এসেছেন। একটি কোম্পানিতে ভালো চাকরি করেন তিনি। মা-বাবাকে সৌদি আরব বেড়াতে নিয়ে গেছেন।
নিরাপত্তার জন্য তার নাম প্রকাশ করা হয়নি। বিমানবন্দরে তিনি বললেন, সৌদি আরবের রিয়াদে প্রায়শই হামলা হয়। বাসা থেকে বের হওয়া যায় না। বাসা থেকে অফিসের কার্যক্রম পরিচালিত করা হচ্ছে। বর্তমানে প্রতিনিয়ত আতঙ্ক-শঙ্কায় দিন কাটে। এই অবস্থায় বয়োবৃদ্ধ মা-বাবা এখানে আর থাকতে চান না। রিয়াদ বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে মদীনা হয়ে দেশে পাঠাতে হচ্ছে। বিমানের সিডিউল লন্ডভন্ড হয়ে যাওয়ায় টিকিটের দাম ও চাহিদা অনেক বেড়ে গেছে।
দাম্মাম থেকে মদীনায় ফিরেছেন ইব্রাহিম নামে এক বাংলাদেশি। সেখানে একটি কোম্পানিতে চাকরি করেন তিনি। তিনি বলেন, হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর দাম্মামের অবস্থা শোচনীয়। বাসা থেকে বের হওয়া কঠিন। দু-একদিন পর পর মোবাইলে বিপদ সংকেত দেওয়া হয়। সাইরেন বেজে ওঠে। তিনি বলেন, শিল্প-কারখানা ও অফিস বন্ধ থাকায় অনেক বাংলাদেশি বেকার হয়ে পড়েছে। খাওয়া-দাওয়ার কষ্ট হচ্ছে।
ইব্রাহীম বলেন, মদীনায় এসে আপাতত এক বন্ধুর বাসায় উঠেছি। সুযোগ পেলে থাকবো, না হলে বাংলাদেশে ফিরে যেতে হবে। এছাড়া আর কোনো গত্যন্তর নেই। সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা অব্যাহত রয়েছে। ড্রোন হামলায় সৌদি আবরে তেল শোধনাগার ও সরকারি বড় বড় ভবনে হামলা করছে হুতি বিদ্রোহীরা। এই সংঘাতের কারণে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সৌদি বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ও বিধিনিষেধের কারণে বাংলাদেশিসহ বিশে^র বিভিন্ন দেশের বহু ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
২৩ নভেম্বর রাতে মদীনা থেকে চট্টগ্রামগামী ফ্লাইটে পাশাপাশি সিটে দেখা যায় এক মহিলাকে। স্বামীর সঙ্গে সৌদি আরবে ছিলেন। হুতিদের হামলা ও সংকটের কারণে দেশে ফিরে আসছেন তিনি। দুই শিশু সন্তানসহ দেশে ফিরে আসতে দেখা যায় আরেক মহিলাকেও। সৌদি আরবের মক্কা-মদীনায় অবস্থানকালে বিভিন্ন পেশার অন্তত ২০-৩০ জন বাংলাদেশির সঙ্গে কথা হয়। তারা জানালেন, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে কর্মজীবী-শ্রমজীবী লোকজন নানা সংকটে রয়েছে।
আইয়ুব মিয়াজী নামে এক বাংলাদেশি বলেন, সৌদি আরবের অবস্থা ভালো না। রিয়াদ ও দাম্মামের অবস্থা বেশি খারাপ। এখানে কর্মহীন হয়ে পড়া অনেক বাংলাদেশি মক্কা ও মদীনায় ভিড় করেছে। তবে এক রাজ্যের ভিসা নিয়ে অন্য রাজ্যে কাজ করার সুযোগ নেই। মক্কা ও মদীনায় কঠোরভাবে নজরদারি করা হয়। এখানে এসে কাজ করার সুযোগ কম।
মক্কা শরিফে কথা হয় সাতকানিয়ার এক ব্যক্তির সঙ্গে। এক বছর আগে তিনি সৌদি আরব গেছেন। এক আত্মীয়ের দোকানে কাজ করছেন তিনি। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো নেই। আইন-কানুন ও সরকারি খরচ অনেক বেড়ে গেছে। অনেক বাংলাদেশি ব্যবসা-বাণিজ্য গুটিয়ে নিচ্ছে। হুতিদের হামলার ঘটনার পর সৌদি আরবে থাকা বাংলাদেশিরা এখন বড় সংকটে রয়েছে। কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক। এছাড়া বেতন হ্রাস, বিনা পারিশ্রমিকে কাজ ও রেসিডেন্সি বাতিলের শঙ্কার কথা জানিয়েছেন অনেকেই।
দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ঢাকা ও রিয়াদের মধ্যে ফ্লাইট চলাচল ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা ও বিমান চলাচল ব্যাহত হওয়ায় বকেয়া মজুরি, কাজের পরিমাণ কমে যাওয়া এবং বসবাসের অনুমতিপত্র নবায়নের অসুবিধার মতো বিদ্যমান সমস্যাগুলো আরও বেড়ে যাওয়ায় সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা গভীরতর জীবন-সংকটের সম্মুখীন হচ্ছেন। নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রয়েছে। জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশে আটকে পড়া শ্রমিকরা চাকরি ও বসবাসের অনুমতিপত্র হারানোর আশঙ্কা করছেন। অন্যদিকে যারা ইতোমধ্যে সেখানে রয়েছেন, তারা ব্যবসায়িক কর্মকাণ্ড মন্থর হয়ে পড়ায় মজুরি হ্রাস এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার কথা জানাচ্ছেন। সৌদি আরবে ৩০ লাখের বেশি বাংলাদেশি বাস করেন। যাদের বেশির ভাগই নির্মাণ, পরিচ্ছন্নতা ও গৃহস্থালি সেবা খাতে কর্মরত। সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দেশটির নির্মাণ, পরিবহন, পরিচ্ছন্নতা, গৃহকর্মসহ বিভিন্ন খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি কাজ করেন।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে সৌদি আরব, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে এসেছে মোট রেমিট্যান্সের প্রায় ৬২ শতাংশ। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। দেশটির নিরাপত্তা, নিয়োগনীতি বা শ্রমবাজারে পরিবর্তন ঘটলে তার অভিঘাত পড়বে বাংলাদেশের কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয়ে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরব থেকে ৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে যা ছিল ৪ দশমিক ২৬ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাইয়েও দেশটি থেকে এসেছে ৫৮ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সৌদি আরবের পরিস্থিতির কারণে কিছু কর্মী ইতোমধ্যে চাকরি হারিয়ে দেশে ফিরেছেন। দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে বলে ঘোষণা দিয়েছে। বাংলাদেশি প্রবাসীদের জনবহুল ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং সংঘাত-সম্পর্কিত কোনো বিষয়বস্তু রেকর্ড করা বা শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৭ লাখ ৫২ হাজার ৭১৫ জন বাংলাদেশি কর্মসংস্থানের জন্য সৌদি আরবে গেছেন।
পূর্বকোণ/নুসরাত


















