চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্যের অভিযোগ, এমপিপুত্রকে বিএনপির শোকজ

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্যের অভিযোগ, এমপিপুত্রকে বিএনপির শোকজ

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ণ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠজনদের কাজে যুক্ত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত নোটিশটি ইস্যু করা হয়, যা শনিবার জানাজানি হয়।
 
আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে এবং বর্তমানে বাবার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। হোয়াটসঅ্যাপে নোটিশ পাওয়ার পর তিনি লিখিতভাবে এর জবাব দিয়েছেন বলে জানিয়েছেন।
 
নোটিশে অভিযোগ করা হয়, মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে আশা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্য গড়ে সুবিধা নিয়েছেন এবং শামীম ওসমান পরিবারের ঘনিষ্ঠদের সরকারি কাজে যুক্ত করেছেন। এতে দলের ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত হয়েছেন এবং দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
 
এছাড়া বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মোল্লা, ধামগড় ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া একাডেমির সভাপতি মো. হাবিবুর রহমান এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারের সঙ্গে আশার বিভিন্ন ছবির বিষয়টিও নোটিশে উল্লেখ করে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশের অনুলিপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
 
তবে অভিযোগ অস্বীকার করে আবুল কাউসার আশা বলেন, তিনি দলের পরীক্ষিত কর্মী এবং বিগত সরকারের আমলে মামলা ও হামলা-নির্যাতনের শিকার হয়েছেন। নোটিশে উল্লিখিত ব্যক্তিদের প্রসঙ্গে তিনি দাবি করেন, আক্তার হোসেন মোল্লা নির্দলীয় জনপ্রতিনিধি এবং হাবিবুর রহমান বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। অন্যদিকে আইয়ুব মেম্বার আগে আওয়ামী লীগে থাকলেও ২০২৪ সালের ২৪ জুলাই ধামগড় ইউনিয়ন বিএনপির এক নেতাকে থানা থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে নেওয়ায় দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হয়েছিলেন।
 
আশার অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের মধ্যে বিভেদ তৈরি করতে এবং ৫ আগস্টের পর মামলা-বাণিজ্য ও অর্থের বিনিময়ে জামিন করানোর বিরোধিতা করায় একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
 
এ বিষয়ে জানতে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও জবাব পাওয়া যায়নি। অন্যদিকে সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু কোনো মন্তব্য করতে রাজি হননি।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট