ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ মুছা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার আবু তাহেরের পুত্র।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নাশকতার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
মুছা ডিএপিএফসিএলের ডিএপি সেলস ও সার বিক্রয় বিভাগে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি কারখানার ক্যাজুয়াল শ্রমিকদের সভাপতির দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মুছার বিরুদ্ধে কারখানায় অস্থিরতা সৃষ্টি ও শ্রমিকসংক্রান্ত বিভিন্ন অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, মোহাম্মদ মুছাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নাশকতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















