কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জার্মানির তৈরি দুটি অত্যাধুনিক হিমোডায়ালাইসিস মেশিন দিয়েছে শিল্পগ্রুপ কেএসআরএম। নতুন এই দুটি ‘৪০০৮এস’ মডেলের মেশিন যুক্ত হওয়ায় হাসপাতালটির ডায়ালাইসিস সেবার সক্ষমতা আরও বাড়বে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেএসআরএমের পক্ষ থেকে মেশিন দুটি চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ সময় হাসপাতালের পরিচালক বলেন, চমেক হাসপাতালে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা দিয়ে আসছে শিল্পগ্রুপ কেএসআরএম। তাদের দেওয়া এসব অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন কিডনি রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। এর ফলে রোগীরা কম খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি এমন মানবিক কর্মকাণ্ডে সমাজের অন্যান্য বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
হাসপাতাল সূত্র জানান, এর আগে গত ২৭ জুন চমেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছিল কেএসআরএম। সে সময় প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ফোরডি আলট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি কালার ডপলার সিস্টেম হস্তান্তর করেন।
নতুন করে আরও দুটি ডায়ালাইসিস মেশিন যুক্ত হওয়ায় চমেক হাসপাতালে কিডনি রোগীদের চিকিৎসাসেবায় বেসরকারি খাতের মানবিক সহযোগিতার ধারা আরও জোরালো হলো।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















