মহেশখালী থানা পুলিশের নিয়মিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি কলিম উল্লাহ গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, পুলিশের ওপর হামলা ও মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার কলিম উল্লাহ ইমন কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যায় খোন্দকারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে কলিম উল্লাহ ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় এএসআই শরীফ ও এএসআই এন্টান চাকমা আহত হন। পুলিশের একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
একপর্যায়ে পুলিশের গাড়ির গতিরোধ করে গ্রেপ্তার ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা সরে যায়। পরিস্থিতির খবর পেয়ে (ওসি) মো. আব্দুস সোলতানের নির্দেশনায় মহেশখালী থানা পুলিশের আরও একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে হামলায় জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যায়।
মহেশখালী থানার ওসি জানান- এ ঘটনায় মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিদ্যমান মামলা এবং পুলিশের পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/পারভেজ

















