চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আগ্রাবাদের বালুর মাঠ থেকে দোকান, গ্যারেজ ও টার্ফ উচ্ছেদ করলো সিডিএ

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৬ | ৭:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বালুর মাঠে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। রবিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চৌধুরী সুপার শপ নামের একটি দোকান, রয়েল অটো কার নামের একটি গ্যারেজ ও একটি ফুটবল টার্ফ উচ্ছেদ করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে সিডিএর অথরাইজড অফিসার তানজীব হোসেন বলেন, এখানে ফ্ল্যাট নির্মাণের জন্য সিডিএ থেকে অনুমোদন নেওয়া হয়েছিল। তবে স্থাপনাগুলো নিয়ে বিভিন্ন অভিযোগ আসায় অভিযান চালানো হয়েছে। তাঁর ভাষ্য, সিডিএ কিছু শর্তে প্লটগুলো বরাদ্দ দিয়েছিল। শর্ত মেনে জায়গা ব্যবহার না করলে নোটিশ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তানজীব হোসেন আরও বলেন, অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা সিডিএ অনুমোদিত কোনো নকশা দেখাতে পারেননি। এ কারণে ইমারত নির্মাণ আইনের আওতায় অভিযান চালানো হয়েছে। কোন প্লট কাকে এবং কী উদ্দেশ্যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সে বিষয়ে সিডিএর ভূমি ও প্রকৌশল শাখা তথ্য দিতে পারবে বলে জানান তিনি।

সিডিএর জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ আবুল হাসনাত বলেন, বরাদ্দ পাওয়া প্লটে শর্ত ভঙ্গ করা হয়েছে। তাই উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গাটি উন্মুক্ত করা হয়েছে। উন্মুক্ত জায়গাটি নিয়ে পরে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা জানানো হবে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট