চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূলের আরও কাছাকাছি এসেছে, যা আরও ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’। এটি ইরানের দেওয়া নাম।
রোববার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বাংলাদেশে এর প্রভাব কেমন হতে পারে জানতে চাইলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, “এর প্রভাবে বৃষ্টি হবে; দক্ষিণাঞ্চলে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি হবে।” সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ ও প্রভাবের বিষয়ে তিনি বলেন, “এখনো পরিষ্কার নয়। সোমবার এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।”
বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উত্তর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলের ঘূর্ণিঝড়ের নামকরণের প্রথা শুরু হয় ২০০৪ সাল থেকে।
পরবর্তীতে ২০২০ সালে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) সদস্য ১৩টি দেশের (বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন) প্রস্তাবনায় মোট ১৬৯টি নামের একটি নতুন তালিকা প্রস্তুত করা হয়।
এসকাপের তালিকা অনুযায়ী, এ অঞ্চলের সবশেষ ঘূর্ণিঝড় ছিল ‘মুরাসু’। এবার নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেটির নাম হবে ‘আকভান’।

















