চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় চা বাগানে উৎসবের আমেজে শ্রমিকদের ভোটযুদ্ধ

রাঙ্গুনিয়ায় চা বাগানে উৎসবের আমেজে শ্রমিকদের ভোটযুদ্ধ

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৮ নভেম্বর, ২০২৬ | ১০:২১ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ার আগুনিয়া ও কোদালা চা বাগানে উৎসবমুখর পরিবেশে চা শ্রমিকদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এই ভোটগ্রহণে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনে শ্রম অধিদপ্তরের বাচাশ্রই নির্বাচন কমিশনের নির্দেশনায় সারাদেশের মতো রাঙ্গুনিয়া কেন্দ্রীয় পরিষদ, ভ্যালী কার্যকরী পরিষদ ও পঞ্চায়েত কমিটির নির্বাচন একযোগে অনুষ্ঠিত হয়।

আগুনিয়া চা বাগানে মোট ৪৪ জন ভোটারের মধ্যে ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রীয় পরিষদের প্যানেল সভাপতি পদে আনারস প্রতীকে পংকজ কন্দ ২৭ ভোট পেয়ে এগিয়ে থাকেন, যেখানে কাপ-কিরিচ প্রতীকে রাজু গোয়ালা পান ১০ ভোট এবং ৪টি ভোট বাতিল হয়। অন্যদিকে সম্পাদক পদে মোরগ প্রতীকে নিপেন পাল ২৮ ভোট, ফুটবল প্রতীকে মুকেশ কর্মকার ৫ ভোট এবং হরিণ প্রতীকে পরেশ কালেন্দি ৪ ভোট লাভ করেন।

চট্টগ্রাম ভ্যালী প্যানেল সভাপতি পদে আম প্রতীকে প্রদীপ ৩১ ভোট পান। এ পদে টেলিফোন প্রতীকে যথন কর্মকার ৪ ভোট এবং তালা-চাবি প্রতীকে যোগেন মান্দ্রাজী ১ ভোট পান। তবে আগুনিয়া চা বাগানের পঞ্চায়েত কমিটি প্রাথমিক কার্যকরী পরিষদের চিত্র ছিল ভিন্ন। সভাপতি পদে আম প্রতীকে সোহাগ দাশ এবং সাধারণ সম্পাদক পদে তালা-চাবি প্রতীকে রোবেন ওরাং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বড় পরিসরের কোদালা চা বাগানে মোট ভোটার সংখ্যা ছিল ৬৩৪ জন, যার মধ্যে ইস্যুকৃত ভোট ছিল ৬২৬টি। দিনভর উৎসবমুখর পরিবেশে এখানে ভোট দেন শ্রমিকরা। কেন্দ্রীয় প্যানেল সভাপতি পদে কাপ-কিরিচ প্রতীকে রাজু গোয়ালা ৪১৭ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকেন। একই পদে আনারস প্রতীকে পংকজ কন্দ ১১৬ ভোট এবং হরিণ প্রতীকে পরেশ কালেন্দি ৪ ভোট পান।

কেন্দ্রীয় প্যানেল সম্পাদক পদে ফুটবল প্রতীকে মুকেশ কর্মকার ৪৫০ ভোট পেয়ে ব্যাপক সমর্থন কুড়ান। এ পদে হরিণ প্রতীকে পরেশ কালেন্দি ৬৫ ভোট এবং মোরগ প্রতীকে নিপেন পাল ৪১ ভোট পান। চট্টগ্রাম ভ্যালী কার্যকরী পরিষদের সভাপতি পদে তালা-চাবি প্রতীকে যোগেন মান্দ্রাজী ২৬৩ ভোট পেয়ে শীর্ষে থাকেন, যেখানে আম প্রতীকে প্রদীপ ২৪৬ ভোট এবং টেলিফোন প্রতীকে যথন কর্মকার ৬১ ভোট লাভ করেন।

কোদালা চা বাগানের পঞ্চায়েত কমিটি প্রাথমিক কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে ঘোড়া প্রতীকে শিবলু কুমার দাশ ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। পাশাপাশি সাধারণ সম্পাদক পদে টিউবওয়েল প্রতীকে অমিত বাউরি ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচনের এই কর্মযজ্ঞের মাঝেও কিছুটা ভিন্ন চিত্র ছিল ঠান্ডাছড়ি চা বাগানে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্থায়ী শ্রমিক না থাকায় ঠান্ডাছড়ি চা বাগানে এবার নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

চা বাগানের জীবন-সংগ্রামে নিজেদের অধিকার ও দাবি আদায়ে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার এই আয়োজন শ্রমিকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট