চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

দুর্নীতি রোধে রাষ্ট্র সংস্কারের আহ্বান টিআইবির

দুর্নীতি রোধে রাষ্ট্র সংস্কারের আহ্বান টিআইবির

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৬ | ১১:০০ অপরাহ্ণ

দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্র সংস্কার এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
 
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার ধানমন্ডিস্থ টিআইবির হোপ সেন্টারে আয়োজিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) এবং রানারআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্বেষা মিত্র; দলের অপর সদস্য ছিলেন সানজিদা মেহনাজ তাসনিম। রানারআপ দলের সদস্যরা হলেন আজিজুর রহমান, ফয়সাল আহমেদ ও মাহিন আহসান।
 
সমাপনী অনুষ্ঠানে ড. ইফতেখারুজ্জামান বলেন, বিতর্কের মূল্যবোধ ও টিআইবির মূল্যবোধ একই সূত্রে গাঁথা। বিতর্কের মাধ্যমে তরুণেরা নতুন বিষয় জানার পাশাপাশি যুক্তিনির্ভর চর্চার সুযোগ পান। জাতীয় জীবনের বিভিন্ন অর্জনে তরুণদের ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি পারস্পরিক সম্মান, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা ও যুক্তিবোধের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
 
টিআইবি জানায়, সারা দেশের ৩২টি বিতর্ক দল এই আবাসিক প্রতিযোগিতায় অংশ নেয়। নারী সমঅধিকার নিশ্চিত করতে প্রতিটি দল ও বিচারক প্যানেলে অন্তত একজন নারী সদস্যের অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল।
 
২৬ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত এই আয়োজনে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানারআপ দলকে ৩০ হাজার এবং সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা প্রাইজমানির পাশাপাশি ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এছাড়া এবারের সেরা আটটি দল পরবর্তী আসরে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট