চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ

চন্দনাইশে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ

​চন্দনাইশ সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৬ | ৫:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

 

বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে চন্দনাইশ থানার কয়েকশ গজের মধ্যেই মুখোশধারী একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ব্যাংক শাখাটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

​সকাল হওয়ার পরপরই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চন্দনাইশ আওয়ামী লীগের বিভিন্ন নেতার পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে, ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত আলামত লুকানোর চেষ্টা চালায়।

 

সরেজমিনে দেখা যায়, পেট্রোল বোমা নিক্ষেপের স্থানে নতুন করে রঙ লাগিয়ে আগুনের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এছাড়া সাংবাদিকরা সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে ‘সিসিটিভি সেটআপ এখনো সম্পূর্ণ হয়নি’ বলে বিষয়টি এড়িয়ে যান ব্যাংক কর্মকর্তারা।

​এ বিষয়ে জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তার আহমদ বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে বের হই। তবে বাইরে তেমন কিছু দেখা যায়নি এবং কাউকে চিহ্নিত করাও সম্ভব হয়নি। যেহেতু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাই এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করিনি।’

​এদিকে, এ ঘটনার প্রতিবাদে উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। দলটির নেতাকর্মীদের দাবি, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পুনরায় আগুন সন্ত্রাসে নেমেছে।

​চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার উদ্দিন বলেন, ‘পতিত ফ্যাসিস্টদের দোসররা চন্দনাইশকে অস্থিতিশীল করে তুলতে এসব নাশকতা চালাচ্ছে। তবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে চন্দনাইশের জনজীবনে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই তাদের দৈনন্দিন কাজকর্ম করছেন।’

​খবর পেয়ে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে চন্দনাইশ থানা পুলিশ।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট