কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফাঁকা গুলি বর্ষণ করে এক রোহিঙ্গা যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আরএসও সদস্যদের বিরুদ্ধে।
খবর পেয়ে অভিযান চালিয়ে অপহৃত যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের সময় ক্যাম্প-১২-এর সিআইসি কার্যালয়ের পাশের একটি চায়ের দোকানের সামনে থেকে মো. আলম (২২) নামের ওই যুবককে তুলে নিয়ে যাওয়া হয়।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প-১১-এর ই-১৪ ব্লকের খালপাড় এলাকা থেকে অভিয়ান চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ।
৮ এপিবিএন সূত্রে জানা গেছে, আরএসও সদস্য রিয়াজ রিদুয়ান, হামিদউল্লাহসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন আলমকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের এসআই জয়দ্রত চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল ক্যাম্প-১১ ও ১২-এর বিভিন্ন ব্লকে তল্লাশি চালায়। একপর্যায়ে ক্যাম্প-১১-এর ই-১৪ ব্লকের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে আলমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, অপহরণকারীরা আলমের শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মেরে নীলাফুলা জখম করে। উদ্ধারের পর তাকে ক্যাম্প-১২-এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উদ্ধার হওয়া মো. আলম ক্যাম্প-১২’-এর এফ-৯ ব্লকের (নতুন ব্লক ডি-৩) এর শাহ আলমের ছেলে।
এ ঘটনায় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
৮ এপিবিএন জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/রাকিব/পারভেজ

















