কর্ণফুলী নদীর তীর ঘেঁষে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে ইটভাটা। ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও নির্মাণকাজ বন্ধের নির্দেশও মানছেন না সংশ্লিষ্টরা। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে চলছে নদীর পাড়ের মাটি কাটা ও ইটভাটা নির্মাণের কাজ। এ অবস্থায় ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চরখিজিরপুর এলাকায় নির্মাণাধীন ডি অ্যান্ড সি ব্রিকস নামের ইটভাটাটি বন্ধের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছে দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, কর্ণফুলী নদীর তীর ঘেঁষে পরিবেশের ক্ষতি করে ইটভাটাটি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে নদীর পাড়ের মাটি কেটে নেওয়া হচ্ছে। কয়েক দিনের মধ্যে সেখানে ইট পোড়ানোর প্রস্তুতিও চলছে। ইটভাটাটি চালু হলে নদীর পানি, পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে। প্রশাসনের জরিমানা ও নিষেধাজ্ঞার পরও নির্মাণকাজ চলতে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অবিলম্বে ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।
এদিকে দেশের সব অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধ করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত ৯ নভেম্বর ভ্রাম্যমাণ আদালত ইটভাটাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে এখনো মাটি কাটা ও নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপও দৃশ্যমান নয় বলে অভিযোগ তাদের।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর বিকেলে চরখিজিরপুর এলাকায় নির্মাণাধীন ইটভাটাটিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় নদীর পাড়ের মাটি কাটার অভিযোগের সত্যতা পাওয়ায় ইটভাটার মালিক স্থানীয় হাজী রফিক আহাম্মদকে (৮৪) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(খ) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ইটভাটাটি নির্মাণ করা হচ্ছিল। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে এবং অনুমোদন না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটাটিকে জরিমানা করা হয়েছে। নতুন করে মাটি কাটা ও নির্মাণকাজ চালানোর তথ্য তারা পেয়েছেন। অধিদপ্তরের একজন কর্মকর্তা ইটভাটাটি পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ ধরনের ইটভাটার কালো ধোঁয়া ও বর্জ্যে কর্ণফুলী নদী প্রতিনিয়ত দূষিত হচ্ছে। ইটভাটার বর্জ্য, ইটের আধলা ও মাটি ফেলে নদীর তীরবর্তী এলাকা ভরাট ও দখল করা হলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হতে পারে। এতে নদীর বিপরীত পাড়ে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বনভূমি ও বসতভিটা বিলীন হতে পারে।
তিনি আরও বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, নদীর তীরে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
পূর্বকোণ/পিআর


















