চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৬ | ১১:৫৮ পূর্বাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাওয়ার বিষয়টি ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

 

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি এয়ারক্রাফট চাচ্ছেন এটি নজিরবিহীন ও হাস্যকর ঘটনা। ভারতে পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগ সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় স্পষ্ট হচ্ছে।

 

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল; জিয়ার মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ।

 

এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চান তিনি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট