চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শর্টগান ও দুইটি কার্তুজসহ জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার রমজান আলী ড্রাইভারের বাড়ির মৃত রাশেদুল ইসলামের ছেলে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্যাপারি পাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি শর্টগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হচ্ছে। গ্রেপ্তার জাহেদুল ইসলাম রিমনের বিরুদ্ধে কিশোর গ্যাং সংশ্লিষ্ট একটি মামলা রয়েছে।
পূর্বকোণ/পিআর

















