চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে এবং হ্যান্ডমাইকে মাইকিং করে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে অভিযান চালিয়েছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ হাতে হ্যান্ডমাইক নিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চান।
তার এই বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে এএসপি তারেক আজিজকে বলতে শোনা যায়, ‘আপনারা মসজিদের মাইকে ঘোষণা দেন, এইখানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান লুকিয়ে রয়েছে। ওকে পেলে পুরো চট্টগ্রাম ঠাণ্ডা হয়ে যাবে। রায়হান দেখতে মোটা, বেঁটে।’
জানা গেছে, উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট এলাকায় অভিযান চালানোর সময় স্থানীয়দের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টায় সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে দুর্বৃত্তদের অতর্কিত গুলিবর্ষণের ঘটনায় তিনজন আহত হন।
এ ঘটনায় জড়িত সন্দেহে সিএনজিচালিত অটোরিকশার চালক জাবেদকে আটক করেন স্থানীয়রা।
পুলিশের একটি সূত্র জানায়, ওই এলাকায় আলোচিত সন্ত্রাসী রায়হানসহ কয়েকজন অপরাধীর অবস্থান রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
পূর্বকোণ/নুসরাত


















