পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হবে, তা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের আলোচনায় এখনো কোনো সমাধান আসেনি। সোমবারের বৈঠকে শ্রমিকপক্ষ তাদের দাবি কমিয়ে ২২ হাজার টাকায় নামিয়েছে। মালিকপক্ষ প্রস্তাব বাড়িয়ে ১৫ হাজার ৮০০ টাকায় এনেছে। দুই পক্ষের ব্যবধান এখনো ছয় হাজার ২০০ টাকা।
রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে গতকাল বৈঠক শুরু হয় বেলা পৌনে ১২টায়। কয়েক দফা বিরতি দিয়ে তা চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত, অর্থাৎ প্রায় আট ঘণ্টা। তাতেও মজুরির সিদ্ধান্তে একমত হতে পারেননি কোনো পক্ষ। এ কারণে আরও অধিকতর আলোচনার জন্য সভাটি মুলতবি করা হয়। আজ মঙ্গলবার বেলা দুইটায় মুলতবি হওয়া এই সভা আবার বসবে বলে মজুরি বোর্ড সূত্রে জানা যায়।
বৈঠকের শুরুতে মালিকপক্ষ ন্যূনতম মজুরি প্রস্তাব করেছিল ১৫ হাজার টাকা। আলোচনা এগোতে এগোতে সন্ধ্যার পর তারা দুই দফা সংশোধন করে ১৫ হাজার ৮০০ টাকায় পৌঁছায়। শ্রমিকপক্ষও একই সময়ে দুই দফা সংশোধন করে। এর আগে ৯ নভেম্বর দ্বিতীয় বৈঠকে তারা ৩২ হাজার টাকার প্রস্তাব জমা দিয়েছিল। গতকাল শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার সেই অঙ্ক কমিয়ে ২২ হাজার টাকা করেন। অর্থাৎ শ্রমিকপক্ষ প্রাথমিক দাবি থেকে ১০ হাজার টাকা সরে এসেছে। মালিকপক্ষও শুরুর অবস্থান থেকে ৮০০ টাকা এগিয়েছে।
দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ফারাক থাকলেও দুই দিক থেকেই অবস্থান কিছুটা নমনীয় হয়েছে, যা আলোচনার জন্য ইতিবাচক ইঙ্গিত। আজকের বৈঠকে দুই পক্ষ আবারও সংশোধিত প্রস্তাব দিতে পারে। বোর্ড যে সুপারিশ করবে, তা সরকারের অনুমোদনের পর গেজেট আকারে প্রকাশিত হবে। শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, সেই গেজেট প্রকাশের আগে রাস্তায় আন্দোলন পুরোপুরি থামার সম্ভাবনা কম। ফলে আজকের বৈঠকের ফলাফল শুধু মজুরির অঙ্ক নয়, শিল্পাঞ্চলের পরিস্থিতিও অনেকটা নির্ধারণ করে দিতে পারে।
পূর্বকোণ/নুসরাত


















