কক্সবাজারের মহেশখালীতে সরকার নির্ধারিত ট্যারিফের শর্ত উল্লেখ না করে প্রবেশ ফি আদায়ের তালিকা প্রদর্শনের অভিযোগে জেটিঘাটের ইজারাদার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে মহেশখালী জেটিঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরী।
অভিযান সূত্রে জানা যায়, জেটিঘাটে প্রদর্শিত প্রবেশ ফি আদায়ের তালিকায় সরকারি ট্যারিফের শর্ত যথাযথভাবে উল্লেখ করা হয়নি। সরকারি ট্যারিফ অনুযায়ী, নির্দিষ্ট ক্ষেত্রে ‘শুধুমাত্র পর্যটকবাহী নৌযানের’ জন্য প্রবেশ ফি প্রযোজ্য হলেও প্রদর্শিত তালিকায় এ শর্ত উল্লেখ ছিল না। এতে সাধারণ যাত্রী ও অন্যান্য সেবাগ্রহীতার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রযোজ্যটার বাইরে ফি আদায়ের আশঙ্কা তৈরি হয়।
অভিযান শেষে ইজারাদার কর্তৃপক্ষকে সরকারি ট্যারিফ অনুসারে প্রবেশ ফি আদায়ের তালিকা নতুন করে প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ঘাটের দৃশ্যমান স্থানে তালিকাটি প্রদর্শন এবং ফি আদায়ের ক্ষেত্রে প্রযোজ্য সব শর্ত ও গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়।
উল্লেখ্য, মহেশখালী জেটিঘাট দ্বীপের মানুষের যাতায়াত, পর্যটন ও নৌযোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিদিন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘাট ব্যবহার করেন। তাই এখানে ফি আদায়ের ক্ষেত্রে সরকারি নির্ধারিত নীতিমালা ও শর্ত যথাযথভাবে অনুসরণ করা জরুরি।
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

















