চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ

হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৬ | ৮:২৯ অপরাহ্ণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে ডিসেম্বরকেন্দ্রিক বা ঋতুভিত্তিক ঐক্য টেকসই নয় উল্লেখ করে দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দীর্ঘমেয়াদি ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।
 
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসিনা রাষ্ট্রের কাছে বিমান চেয়েছে এবং একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর, আবার বিজয় দিবস—সবকিছু মিলে যাচ্ছে। কী বলবেন, উনি মেহমান নাকি? উনি সারা জীবন বলতেন, ‘আমরা পালিয়ে যাব না’। উনি আসি আসি বললেও আসবেন না। আসতে বলেন তাকে—আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলো যা হচ্ছে, সব নাটক।’
 
তিনি আরও বলেন, ‘এখানে তার কিছু আওয়ামী ধর্মে দীক্ষিত কিছু লোক আছে, উনাদেরকে উজ্জীবিত করার জন্য এসব নাটক করে। উনার জন্য একবার বিমান পাঠাও, একবার গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করো— সব নাটক। যদি আসতেই হয়, বর্ডার চেক করতে হয়, বর্ডারের ফাঁকফোকর চেক করতে হয়। এগুলা হলো মাদকের ডিলারদের মতো কাজ, মাদকের ডিলাররা বর্ডারের ফাঁক দিয়ে কীভাবে আসা যায়, এগুলা চেক করেন। এগুলা স্ট্যান্ডবাজি এবং মিডিয়া স্ট্যান্ডবাজি। দিনশেষে এক বিষয় হচ্ছে, সে আসবে না। আর আসলেও তো আমরা ওয়েলকাম করি। আমরা ফুল নিয়ে যাব তার জন্য। সে আসুক এবং ওখান থেকে বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায় দেবে।’
 
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গতকাল আমাদের আহ্বায়ক বলেছিলেন, আওয়ামী লীগের পরাজয় ৫ আগস্ট হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে যে ঐক্য, আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের বিষয়ে যে ঐক্য, সেটা ৫ আগস্টে চূড়ান্ত হয়েছে। এখন তারা যে কার্যক্রমগুলো করছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগের বাংলাদেশে পুনর্বাসন তো দূরের কথা, তারা যে ফ্যাসিবাদী ও গণবিমুখ একটি শক্তি, সেটাই বারবার প্রমাণ হচ্ছে।’
 
ঐক্যের ধরন নিয়ে তিনি বলেন, ‘শুধুমাত্র ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য বা মাসকেন্দ্রিক ঐক্য, শীতকালীন ঐক্য, গ্রীষ্মকালীন ঐক্য, শরৎকালীন ঐক্য—এভাবে আসলে ঐক্য টেকসই নয়। বরং দীর্ঘমেয়াদে দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও উন্নতির জন্য আমাদের স্থায়ী ঐক্য হতে হবে। আমাদের যে ভিত্তি—গণরায়, গণভোট এবং সংস্কারের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আবার সুদৃঢ় করার মধ্য দিয়েই ঐক্যকে সুদৃঢ় করতে হবে।’
 
প্রধানমন্ত্রীর নতুন করে ঐক্যের ডাক প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘গতকাল এ বিষয়ে বলেছি, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং এই পুরো ষড়যন্ত্রটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। এই পুরো ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য ভারত তার সর্বশক্তি নিয়োগ করছে—এটা ভারতীয় আধিপত্যবাদ। ভারতের জনগণের সঙ্গে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের পারস্পরিক সম্পর্ক রয়েছে। কিন্তু ভারতীয় আধিপত্যবাদ, ভারত যে আধিপত্যবাদের মধ্য দিয়ে বাংলাদেশকে নির্যাতন, নিপীড়ন এবং নিয়ন্ত্রণ করার মনোভাব পোষণ করে, তার বিরুদ্ধে হয়েছে ৫ আগস্ট। তবে এর একটি প্রতিক্রিয়া ছিল।’
 
তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে জানতে চেয়েছি, বিষয়টি আসলে কোন মাত্রায় রয়েছে এবং তারা এ বিষয়ে কী চিন্তা করছে। একই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়নে তাদের পরিকল্পনা কী?’
 
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট