চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৬ | ৭:৩৮ অপরাহ্ণ

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরে যাওয়া জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অস্ট্রেলিয়ায় কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। বর্তমান সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ কেন্দ্র করেই সফর সংক্ষেপ করেছে বলেও গুঞ্জন রয়েছে।  
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার স্থানীয় সময়  বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশের উদ্দেশে অস্ট্রেলিয়া ত্যাগ করেন তিনি। জামায়াতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
সফরে অস্ট্রেলিয়ায় চার দিন ও মালয়েশিয়ায় দুই দিন অবস্থান করে দেশ দুটির উচ্চপর্যায়ের সরকারি ব্যক্তিদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
 
শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টেও সফর সংক্ষেপ করে দেশে ফেরার কথা জানান। তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়ায় ৪ দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হলাম। একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করলাম। ইনশাআল্লাহ, নিকট ভবিষ্যতে প্রবাসী ভাই-বোনদের সঙ্গে মালয়েশিয়ায় সাক্ষাৎ করার আশা রাখি।’
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট