চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

রাঙ্গুনিয়া সংবাদদাতা 

১৮ নভেম্বর, ২০২৬ | ৮:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ নভেম্বর) দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
 
অভিযানকালে ডাক্তার, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের অনুপস্থিতি, মানহীন সেবা, চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন উত্তোলন, নিয়োগ বাণিজ্য, ভুয়া বদলি আদেশ তৈরি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ অর্থ আদায়ের বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হয়।
 
দুদক দল সূত্রে জানা যায়, দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম সাধারণ রোগীর বেশে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে বেশ কিছু অনিয়মের সত্যতা পান। বিশেষ করে, ডেন্টাল কেয়ারের একটি যন্ত্র নষ্ট থাকা এবং মজুত ওষুধের হিসাবে গরমিল পায় দুদক টিম।
 
পরে হাসপাতালের হাজিরা রেজিস্টার এবং ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের হাজিরা রেজিস্টার যাচাই করে বিনা অনুমতিতে এক সহকারী স্বাস্থ্য পরিদর্শকের অনুপস্থিতির সত্যতা পাওয়া যায়। অভিযানকালে অভিযুক্ত ওই স্বাস্থ্য পরিদর্শককে কর্মস্থলে পাওয়া যায়নি। তিনি বিনা অনুমতিতে চট্টগ্রাম শহরে অবস্থান করছেন বলে জানা যায়। এ সময় তার ব্যক্তিগত ফাইল সংগ্রহ করে দুদক টিম।
 
এর পর রাঙ্গুনিয়ার সোনালী ব্যাংক ইছাখালী শাখা থেকে অভিযুক্তের ব্যাংক হিসাব যাচাই করে সেখানে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে টিমটি তার গ্রামের বাড়ি পরিদর্শন করে সেখানে একটি নির্মাণাধীন দুই তলা ভবন দেখতে পায়। অভিযোগের অন্যান্য বিষয়ের সঙ্গে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্টতা থাকায় সিভিল সার্জনের সঙ্গে মোবাইলে কথা বলে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। সব তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে বলে নিশ্চিত করেন টিমের প্রধান রাজু আহমেদ।
 
দুদক সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত ওই কর্মকর্তার বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি নেওয়া, সিভিল সার্জনের সঙ্গে মিলে নিয়োগ বাণিজ্য এবং ভুয়া বদলি দেখিয়ে ছেলেকে চট্টগ্রাম শহরের সরকারি স্কুলে ভর্তির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের (সহকারী স্বাস্থ্য পরিদর্শক সমিতি) চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় পরিষদের সদস্যসচিব।
 
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাব জমিলা বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে এসে হাসপাতাল ঘুরে দেখেছে। তাদের চাহিদামতো সব কাগজপত্র সরবরাহ করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
 
অন্যদিকে অভিযুক্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু স্বার্থান্বেষী মহল আমাকে হেয় করার চেষ্টা করছে। আমি নিয়মিত স্বাস্থ্যকেন্দ্র ও নির্দিষ্ট এলাকা পরিদর্শন করি। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগ মিথ্যা প্রমাণ করতে পারব।
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট