চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফের গহিন পাহাড়ে 'সাদ্দাম বাহিনী'র আস্তানা ধ্বংস, অস্ত্র-নথি উদ্ধার

শেষ হল যৌথবাহিনীর অভিযান

টেকনাফের গহিন পাহাড়ে ‘সাদ্দাম বাহিনী’র আস্তানা ধ্বংস, অস্ত্র-নথি উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৬ | ৬:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সীমান্তঘেঁষা দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী ‘সাদ্দাম বাহিনী’র আস্তানায় যৌথ  সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে সন্ত্রাসীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ঘটনাস্থল থেকে খালি কার্তুজ, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ লেদা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চাইল্লাতলী, ছিলারছড়া ও জায়গীর পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, হ্নীলা (রোঙ্গীখালী) আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর হোসেন মাহবুবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনীর ৩৪ জন, বিজিবির ২০ জন এবং পুলিশের ৯ জনসহ মোট ৬৩ সদস্যের একটি যৌথ দল অংশ নেয়। সীমান্ত পিলার ১০ থেকে আনুমানিক ৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে গহিন পাহাড়ে সন্ত্রাসী সাদ্দাম গ্রুপের মূল ঘাঁটির সন্ধান পায় বাহিনীটি।

অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও সাদ্দাম বাহিনীর ব্যবহৃত আস্তানাটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে ৫ রাউন্ড খালি কার্তুজ, ২টি পাসপোর্ট, ৩টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ২টি ড্রাইভিং লাইসেন্স, ১টি সোলার প্যানেল এবং রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী জব্দ করা হয়।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট