চট্টগ্রাম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

আর্জেন্টিনার দায়িত্বে থাকা নিয়ে মুখ খুললেন স্কালোনি

আর্জেন্টিনার দায়িত্বে থাকা নিয়ে মুখ খুললেন স্কালোনি

অনলইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৪৩ অপরাহ্ণ

আর্জেন্টিনার ডাগআউটে সফল আট বছর পার করেছেন লিওনেল স্কালোনি। নতুন চুক্তি করবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। 
 
আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, দলকে নিয়ে আবারও সাফল্যের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে আগের মতো শিরোপা জেতা যে সহজ হবে না, সেটিও তিনি স্বীকার করেছেন।
 
ফিফার আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই পর্বে আর্জেন্টিনা লিওনেল মেসিকে বিদায় জানাবে। এর আগে এশীয় চ্যানেল ‘মিগুকে’ দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ, দলের নতুন প্রজন্ম এবং ২০২৬ বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন স্কালোনি।
 
আর্জেন্টিনার কোচ হিসেবে আট বছরের সফল অধ্যায় আরও দীর্ঘায়িত হবে কি না, তা নিশ্চিত করেননি স্কালোনি। তবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁর বক্তব্যে দায়িত্ব চালিয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে।
 
স্কালোনি বলেন, ‘আমরা চেষ্টা করব, আমরা এখানে থাকি কিংবা না থাকি। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।’
 
২০২৪ কোপা আমেরিকা জয়ের পরও সামনে কঠিন সময়ের আশঙ্কা করেছিলেন স্কালোনি। সেবার সবকিছু জয়ের পর বিশ্বকাপের আগে দুই বছর বাকি থাকায় দলের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সেই পরিস্থিতি সামলে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল আর্জেন্টিনা।
 
এবারও সামনে কঠিন চ্যালেঞ্জ দেখছেন স্কালোনি। বিশ্বকাপের পরবর্তী সময় নিয়ে তিনি বলেন, ‘ফাইনাল শেষ হওয়ার পর আমরা জিতি কিংবা হারি, সেটি এখানে মূল বিষয় নয়। এখন থেকে একটা বিরতি শুরু হচ্ছে, আর আমরা সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব।’
 
শিরোপা জয়ের পুনরাবৃত্তির চেয়ে দলের সঙ্গে সমর্থকদের ইতিবাচক সম্পর্ক ধরে রাখাকে বেশি গুরুত্ব দিচ্ছেন স্কালোনি, ‘আমি বলছি না যে আমাদের আবার শিরোপা জিততেই হবে। বরং দলের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে হবে, যেন মানুষ এই দলের সঙ্গে নিজেদের সম্পৃক্ত মনে করে। তবে সেটা অর্জন করা কঠিন।’
 
স্কালোনি আরও যোগ করেন, ‘এমন কিছু আবার করে দেখানো সহজ হবে না। মানুষ এই দলের সঙ্গে নিজেদের একাত্ম মনে করেছে, আর দলটি প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দেয়। তবে সেই ভয় ইতিবাচক অর্থে। আমার মনে হয়, আবার চেষ্টা করাটাই কঠিন। আমি বলছি না, এটা সহজ হবে।’
 
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন