ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্সের পরীক্ষা নিয়ে জটিলতা যেন কাটছেই না। এবার মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশের একদিন পরেই তা স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (১৮ জুন) এনবিআরের কাস্টমস মামলা ও বিরোধ নিষ্পত্তি শাখার দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিলের সই করা এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়েও এক প্রস্থ নাটক হয়েছিল। গত ১৬ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় যাচাই-বাছাই শেষে যোগ্য বিবেচিত ২ হাজার ৯৮৭ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৫২১ জন অংশ নেন। বিধি অনুযায়ী পরীক্ষার পরদিনই ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। পরে সেটি নিয়ে সমালোচনা হলে ১৫ দিন পর ১ জুন ফল প্রকাশ হয়। ৮০ নম্বরের পরীক্ষায় ৪০ বা তার বেশি নম্বর পেয়ে ২১০ জন উত্তীর্ণ হন।
এরপর গত বুধবার ২১ থেকে ২৫ জুনের মধ্যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু একদিনের মাথায় সেটি স্থগিত করা হলো। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
পূর্বকোণ/সিজান
















