চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজ পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় সন্দেহজনক আটক করা হয়েছে ৫ জনকে। তারা হলেন- প্রতিবেশী মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা।
জানা যায়, পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার গ্যারেজ মালিক শাহজাহানের একমাত্র সন্তান মো. জায়হান গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুরের পর থেকে নিখোঁজ ছিল। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হয়। একই দিন পরিবারের ঘর থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধার করা হয়, যাতে মুক্তিপণ দাবি ও হুমকির কথা উল্লেখ ছিল।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩ টার দিকে শিশুটির বাড়ির পাশের একটি প্রতিবেশীর ঘরের পেছনে ময়লার ভাগাড় থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জায়হান তার বাবা-মায়ের একমাত্র সন্তান। সন্তানের মরদেহ উদ্ধারের খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।
পূর্বকোণ/পিআর

















