চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

সর্বশেষ:

বড় বড় মার্কেট থেকে কোনো ভাড়াও আদায় হচ্ছে না: সিডিএ চেয়ারম্যান বেলায়েত

বড় বড় মার্কেট থেকে কোনো ভাড়াও আদায় হচ্ছে না: সিডিএ চেয়ারম্যান বেলায়েত

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২৬ | ৯:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, নির্মাণ শেষ হলেও কয়েকটি আধুনিক মার্কেট চালু হয়নি এবং বড় বড় মার্কেট থেকে কোনো ভাড়াও আদায় হচ্ছে না। এমনকি শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেও অনেকে টোল পরিশোধ করছেন না, যার মধ্যে সরকারি কর্মকর্তারাও রয়েছেন। অতীতে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির ঘটনাও ঘটেছে। এসব অনিয়ম ও স্থবিরতা কাটিয়ে সিডিএকে জনবান্ধব ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে কঠোর অবস্থানে থাকার সিদ্ধান্ত শুরু করেছি।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সিডিএর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিডিএ চেয়ারম্যান জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় থাকা ৩৬টি খালের মধ্যে ৩০টির কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। বাকি পাঁচটি খালের কাজেরও প্রায় ৬৮ শতাংশ শেষ হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের আগেই সেগুলো সম্পন্ন হবে। বহুতল ভবন উচ্ছেদ, অবৈধ দখলমুক্তকরণ ও বিভিন্ন স্থাপনা অপসারণের মতো কঠিন কাজ সম্পন্ন করে প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, একসময় চাক্তাই খাল ছিল নগরবাসীর জন্য অভিশাপ। আধুনিক সুইসগেট নির্মাণের মাধ্যমে সেটিকে আশীর্বাদে পরিণত করা হয়েছে। আসন্ন বর্ষা মৌসুম থেকেই নগরবাসী জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল পেতে শুরু করবে। তবে প্রকল্পের সফলতা ধরে রাখতে নগরবাসীকেও সচেতন হতে হবে।

শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই টোল না দিয়ে এই সড়ক ব্যবহার করেন। আমি নিজেও আজ টোল পরিশোধ করে এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছি। সরকারি কর্মকর্তা হলেই সব ধরনের সুবিধা বিনা মূল্যে পাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রকল্পটিকে লাভজনক করতে যেমন: যানবাহনের সংখ্যা বাড়াতে হবে, তেমনি সবাইকে নিয়মিত টোল পরিশোধ করতে হবে। নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে কারা টোল দিচ্ছেন না, সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট