হাটহাজারী উপজেলার ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে সেকান্দর কলোনিতে একটি সেমিপাকা বসতবাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে একজন আহত হন। এতে নগদ ১ লাখ ৩০ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। শুক্রবার (৩ জুলাই) দুপুর ১ টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সেমিপাকা ঘরটির মলিক মো. পারভেজ। তিনি সেকান্দর কলোনির মো. নিজামের পুত্র। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছে তার দুলাভাই মো. আজম।
তার প্রতিবেশি দেলোয়ার জানান, দুপুরে পারভেজের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় । আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সেমিপাকা ঘরটি সম্পূর্ণ পুড়ে যায় ।
আগুনে বসতঘরে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ফ্রিজ, আসবাবপত্র, কাপড়চোপড়সহ সংসারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে। স্থানীয় লোকজন খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েও তা রক্ষা করতে পারেননি। পরে হাটহজারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আসে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ধারণা, ঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে ।
পূর্বকোণ/রাকিব/পারভেজ
















