চট্টগ্রাম শনিবার, ২০ জুন, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান

অনলাইন ডেস্ক

১৮ জুন, ২০২৬ | ৬:১১ অপরাহ্ণ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। একই সঙ্গে দুর্ঘটনার অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন এই অভিনেতা।

জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে বাইক চালানোর সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তবে আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অভিনেতা লেখেন, ‘কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।’

দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? কিংবা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে-তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।’

সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জোভান বলেন, ‘বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন এবং ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অভিনেতার এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মন্তব্যের ঘরে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সতর্কতামূলক বার্তাটির প্রশংসা করেছেন।

পূর্বকোণ/রেহেনুমা নাসির

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট