চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের ১২তম ব্যাচের উদ্যোগে ‘বাজেট ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ প্রাঙ্গণে ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও বিভাগের প্রভাষক ও অনুষ্ঠানের আহ্বায়ক মো. মুফিদুর রহমান এবং রাবেয়া আক্তারের সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, আগামী অর্থবছরের জন্য সরকারের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেশের জিডিপির প্রায় ১৩ দশমিক ৭ শতাংশ। এ বিশাল বাজেটের বরাদ্দ ও এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে তিনি প্রশংসনীয় উল্লেখ করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে বিশ্লেষণধর্মী এ আয়োজন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। তিনি বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে আয়োজনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মার্কেটিং বিভাগের সভাপতি ও ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এবং চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও অনুষ্ঠানের চিফ মেন্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এসময় বিভাগের শিক্ষক, আয়োজক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান

















