চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

সর্বশেষ:

পরীমনির সঙ্গে ঘনিষ্ঠতা: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পরীমনির সঙ্গে ঘনিষ্ঠতা: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

অনলাইন ডেস্ক

১৮ জুন, ২০২৬ | ৮:৪৪ অপরাহ্ণ

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

 

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিবি গুলশান বিভাগে কর্মরত থাকাকালীন গোলাম সাকলায়েন চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি পরীমনির সঙ্গে জন্মদিন উদযাপন এবং নিজের সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটিয়েছেন, যা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

 

সাকলায়েনের বিরুদ্ধে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণের’ অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। মামলার তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়। পরবর্তীতে দ্বিতীয় কারণ দর্শানো নোটিশের জবাব এবং প্রাসঙ্গিক বিষয়াদি পর্যালোচনা করে তাকে ‘বাধ্যতামূলক অবসর’ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দেওয়ার বিষয়ে একমত পোষণ করে পরামর্শ প্রদান করে। এরপর গত ১৭ জুন নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি এই গুরুদণ্ড আরোপের বিষয়ে সানুগ্রহ অনুমোদন প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতেই সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন