চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রীসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পতেঙ্গা থানাধীন ১০ নম্বর ঘাট এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, একটি অসাধু চক্র পতেঙ্গা থানার ১০ নম্বর ঘাটের পন্টুনে অবস্থানরত বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রী খালাসের চেষ্টা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, ১০ লাখ ৫২ হাজার ৮০০ টাকা মূল্যের জব্দকৃত ইলেকট্রনিক্স সামগ্রীর মধ্যে ১টি ফ্রিজ, ১টি ড্রিপ ফ্রিজ, ২টি ওয়াশিং মেশিন, ১টি পোর্টেবল এসি, ৪টি ফুল ইউনিট এসি ও ১টি আউটডোর এসি ছিল।
তিনি জানান, জব্দকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/আরআর
















