চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

সর্বশেষ:

মহেশখালী শাপলাপুরের বিতর্কিত বিট কর্মকর্তা আশরাফুল স্ট্যান্ড রিলিজ, দায়িত্বে মিল্টন

দুর্নীতির অভিযোগে মহেশখালীর বিট কর্মকর্তা আশরাফুলকে স্ট্যান্ড রিলিজ

মহেশখালী সংবাদদাতা

১৮ জুন, ২০২৬ | ৯:১৮ অপরাহ্ণ

অনিয়ম, দুর্নীতি এবং স্থানীয়দের হয়রানির অভিযোগে অবশেষে মহেশখালী রেঞ্জের আওতাধীন শাপলাপুর বন বিটের কর্মকর্তা (ফরেস্টার) মো. আশরাফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা এম.এ. হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের (আদেশ নং-৩২) মাধ্যমে এই তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সম্প্রতি শাপলাপুর জেমঘাট এলাকায় এক দরিদ্র ও অসুস্থ ব্যক্তির ঘর উচ্ছেদের নামে সাধারণ মানুষের ওপর হয়রানিমূলক অভিযান পরিচালনা করেন আশরাফুল ইসলাম। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সাথে বন কর্মীদের সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে, যার ফলে বন বিভাগের সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হয়।

বিভাগীয় আদেশে উল্লেখ করা হয়েছে, ফরেস্টার আশরাফুল ইসলামকে আজ (১৮ জুন) বিকেলের মধ্যেই শাপলাপুর বিটের দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায় তিনি তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগীয় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাপলাপুর বিটের নতুন কর্মকর্তা হিসেবে উড়িরচর সদর বিটের ফরেস্টার মিল্টন চন্দ্র সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে বিদায়ী কর্মকর্তার কাছ থেকে সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি ফরম-৫০ ও চার্জনোট সহকারে বুঝে নিয়ে সরকারি দায়িত্বপালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই আদেশের অনুলিপি ইতোমধ্যে বন সংরক্ষক (চট্টগ্রাম অঞ্চল), সহকারী বন সংরক্ষক (কক্সবাজার ও মিরসরাই) এবং মহেশখালী ও উড়িরচর রেঞ্জ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/সিজান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট