দাপুটে ফুটবল আর আক্রমণাত্মক কৌশলে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোল, জুড বেলিংহ্যাম ও মার্কাস র্যাশফোর্ডের লক্ষ্যভেদে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে থ্রি লায়নরা।
যুক্তরাষ্ট্রের ডালাসে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচটি ছিল ছয় গোলের এক রোমাঞ্চকর লড়াই। দুইবার সমতায় ফিরেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের আক্রমণভাগের সামনে টিকতে পারেনি ক্রোয়েশিয়া।
ম্যাচের শুরুতেই ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। ১২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। প্রথম শট ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দিলেও প্রতিপক্ষ খেলোয়াড়দের আগেভাগে বক্সে ঢুকে পড়ার কারণে পুনরায় পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি কেইন।
তবে ৩৬তম মিনিটে মার্টিন বাতুরিনার দূরপাল্লার দুর্দান্ত শটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। সমতা ফিরলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইংল্যান্ডকে। ৪২তম মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন কেইন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে গ্যারি লিনেকারের ১০ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি।
কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ইভান পেরিশিচের হেড থেকে বল পেয়ে কাছ থেকে গোল করেন পেতার মুসা। ফলে ২-২ সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় টমাস টুখেলের শিষ্যরা। ৪৭তম মিনিটে ইলিয়ট অ্যান্ডারসনের পাস ধরে বক্সে ঢুকে নিচু শটে গোল করেন জুড বেলিংহ্যাম। তার গোলে তৃতীয়বারের মতো এগিয়ে যায় ইংল্যান্ড।
এরপর একের পর এক আক্রমণে ক্রোয়েশিয়ার রক্ষণকে ব্যস্ত রাখে ইংলিশরা। বেলিংহ্যাম, ডেকলান রাইস ও নিকো ও’রাইলির প্রচেষ্টায় আরও কয়েকবার গোলের সম্ভাবনা তৈরি হলেও লিভাকোভিচ সেগুলো প্রতিহত করেন।
ম্যাচের ৭২তম মিনিটে মার্কাস র্যাশফোর্ড, বুকায়ো সাকা ও মরগান রজার্সকে নামিয়ে আক্রমণে নতুন গতি আনেন টুখেল। তার ফলও মেলে শেষ দিকে। ৮৫তম মিনিটে বদলি হিসেবে নামা র্যাশফোর্ড বক্সের ভেতর দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে ইংল্যান্ডের জয় প্রায় নিশ্চিত করে দেন।
শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া ব্যবধান কমানোর সুযোগ পেলেও ইংল্যান্ডের রক্ষণভাগ তা নস্যাৎ করে দেয়। যোগ করা সময়ে ইয়োশকো ভারদিওলের নিশ্চিত গোলের সুযোগ গোললাইন থেকে শরীর দিয়ে ঠেকিয়ে দেন কেইন।
শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ইংল্যান্ড। নতুন কোচ টমাস টুখেলের অধীনে এটি ছিল দারুণ এক সূচনা। অন্যদিকে লড়াই করেও খালি হাতে মাঠ ছাড়তে হয় ক্রোয়েশিয়াকে।
গোলদাতা:
ইংল্যান্ড – হ্যারি কেইন (১২’, ৪২’), জুড বেলিংহ্যাম (৪৭’), মার্কাস র্যাশফোর্ড (৮৫’)
ক্রোয়েশিয়া – মার্টিন বাতুরিনা (৩৬’), পেতার মুসা (৪৫+৫’)
পূর্বকোণ/পিবিরা

















