নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২৫ জুন রাতে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের ম্যানচেস্টারে আগে ব্যাট করে বাংলাদেশের করা ৮ উইকেটে ১৩৬ রানের টার্গেট ভারত অতিক্রম করে ১৬.৫ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তুলে। ভারতের জার্সিতে ৩৪ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন শেফালী ভার্মা। এছাড়া ইস্তিকা ভাটিয়া ২৩ ও জেমিমাহ রদ্রিগেজ ২৬ রান করেন। রিতু মনি ২ উইকেট নেন।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান করেন জুয়াইরিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারেই রেনুকা সিংয়ের শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন দিলারা আক্তার। ৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। ভারত ফিল্ডারদের ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে জুয়াইরিয়া ও সোবহানা ধীরে ধীরে ইনিংস গড়তে থাকেন। তাদের ব্যাটে পাওয়ার প্লে শেষে ১ উইকেটে ৪০ রান তোলে বাংলাদেশ। দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেওয়ার সময় জুটিটি ভাঙেন নন্দিনী শর্মা। তার বলে সোজা ব্যাটে খেলতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দেন জুয়াইরিয়া। ৩১ বলে ৫ চারসহ ৩৩ রান করে ফেরেন তিনি।
এরপর রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেন সোবহানা মোস্তারি। কিন্তু রাধা যাদবের বলে উইকেট ছেড়ে বেরিয়ে বড় শট খেলতে গিয়ে মিড অফে ধরা পড়েন তিনি। ২৬ বলে ২২ রান আসে তার ব্যাট থেকে। মাঝের ওভারে দায়িত্ব তুলে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। দ্রুত রান তোলার চেষ্টায় বড় শট খেলতে গিয়ে আউট হওয়ার আগে ২৭ বলে ৩২ রান করেন তিনি। শেষ দিকে শারমিন আক্তার সুপ্তা ১২ বলে ১০, রিতু মনি ৪ বলে ৮ এবং স্বর্ণা আক্তার ১০ বলে ১৩ রানের ছোট ইনিংস খেলেন। ভারতের রাধা যাদব ৩ উইকেট নেন।
পূর্বকোণ/কিরণ















