চট্টগ্রাম নগরীর মুরাদপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাউজানের ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির মো. নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। এদের মধ্যে নাজিম উদ্দিন চকবাজার ডিসি রোড এলাকার উইলস স্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও তাসলিমা আক্তার একই স্কুলের উপাধ্যক্ষ বলে জানা গেছে।
শহিদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, মুরাদপুরে কাভার্ডভ্যান চাপায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। দুইজনের লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
পূর্বকোণ/এএইচ















