চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সর্বশেষ:

হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জিতল মরক্কো, রানার্সআপ হয়ে নকআউটে

স্পোর্টস ডেস্ক

২৫ জুন, ২০২৬ | ৬:৩৩ পূর্বাহ্ণ

দুবার পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে এসে হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে মরক্কো। তবে একই সময়ে ব্রাজিলের বড় জয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে ‘সি’ গ্রুপের রানার্সআপ হিসেবেই শেষ ৩২ দলের পর্বে উঠতে হয়েছে আফ্রিকার দলটিকে।

 

 

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের ১০ মিনিটেই গোলরক্ষক ইয়াসিন বুনুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় হাইতি। ৩৯ মিনিটে আশরাফ হাকিমির গোলে সমতা ফেরায় মরক্কো।

 

 

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও এগিয়ে যায় হাইতি। ৪৩ মিনিটে ইসিদোর গোল করলে চাপে পড়ে মরক্কো। যোগ করা সময়ে ইসমায়েল সাইবারির গোল প্রথমার্ধ শেষ হওয়ার আগে ২-২ সমতা এনে দেয়।

 

 

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মরক্কো। ৭৮ মিনিটে রাহিমি দলকে প্রথমবারের মতো এগিয়ে দেন। নির্ধারিত সময়ের এক মিনিট আগে ইয়াসিন চতুর্থ গোল করে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

 

 

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে ব্রাজিলের চেয়ে পিছিয়ে থাকায় গ্রুপের রানার্সআপ হয়েছে মরক্কো। ফলে শেষ ৩২ দলের পর্বে নকআউট নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা পায়নি তারা।

 

 

অন্যদিকে তিন ম্যাচেই হেরে কোনো পয়েন্ট ছাড়াই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট