মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়ার বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো বিশ্বকাপের মঞ্চে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে শেষবারের মতো মাঠে নেমে আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানান ৪০ বছর বয়সী এই তারকা। তার অবসরের মধ্য দিয়ে মেক্সিকান ফুটবলের একটি যুগেরও অবসান হলো। বিশ্বকাপের গ্রুপ পর্বে আগেই নক-আউট নিশ্চিত করেছিল মেক্সিকো। চেকদের বিপক্ষে শেষ ম্যাচে ৭৮তম মিনিটে মাঠে নামানো হয় ওচোয়াকে। তখনই আজটেকা স্টেডিয়ামের ৮০ হাজারের বেশি দর্শক একসঙ্গে তার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। আবেগে ভেঙে পড়েন ওচোয়া, ম্যাচ শেষে পরিবারকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন তিনি। আগামী সপ্তাহেই তিনি পা দেবেন ৪১ বছরে। এটি তাঁর ষষ্ঠ বিশ্বকাপ এবং এটিই তাঁর শেষ। মেক্সিকান ফুটবলের অন্যতম সেরা এক রোমাঞ্চকর গল্প এবং দেশের মানুষের সাথে এক নিবিড় ভালোবাসার সম্পর্কের অবসান ঘটলো। ২০০৪ সালে এই আজটেকা স্টেডিয়ামেই কাব আমেরিকার হয়ে ওচোয়ার পেশাদার ক্যারিয়ারের সূচনা। এর মাত্র কয়েক মাসের মধ্যে এই মাঠেই অভিষেক হয় মেক্সিকো জাতীয় দলেও। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে ওচোয়া তারকাখ্যাতি লাভ করেন। কাব ফুটবলে হয়তো বড় বড় ইউরোপীয় কাবে খেলা হয়নি তাঁর, কিন্তু দেশের জার্সিতে তিনি সবসময়ই ছিলেন এক অবিচল পাহাড়। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও তিনি ছিলেন মেক্সিকোর ত্রাতা। দেশের হয়ে ১৫০-এর বেশি ম্যাচ খেলা ওচোয়া সবসময় ভক্তদেরই একজন হয়ে মাঠে লড়েছেন। ৪০ বছর বয়সে ৬টি ভিন্ন বিশ্বকাপে খেলার রাজকীয় রেকর্ডে লিও মেসি ও ক্রিশ্চিয়ানোর সাথে ভাগ বসান ওচোয়া।















