চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সর্বশেষ:

তিস্তা প্রকল্পসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস চীনের

তিস্তা প্রকল্পসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস চীনের

অনলাইন ডেস্ক

২৫ জুন, ২০২৬ | ৭:৪৯ অপরাহ্ণ

তিস্তা প্রকল্পসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন।   

আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের পানিসম্পদমন্ত্রী লি গুওইংয়ের বৈঠকে এ বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। 

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের চলমান নদী খনন কর্মসূচির বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে চীনের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গুওইং ইতিবাচক সাড়া দিয়ে পানিসম্পদ ব্যবস্থাপনা-সংক্রান্ত বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

লি গুওইং ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) কথা উল্লেখ করে বলেন, গত বছর চীনের পানিসম্পদ বিশেষজ্ঞরা বাংলাদেশ সফর করেছেন। পানি সম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক, গবেষণানির্ভর এবং পারস্পরিকভাবে লাভজনক।

বৈঠকে প্রধানমন্ত্রী নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌ-নেভিগেশন ব্যবস্থার আধুনিকায়নে চীনের সহযোগিতা কামনা করেন।

চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। এ খাতের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আমন্ত্রণও জানান তিনি।

দুই দেশের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী উন্নয়ন খাতে এই সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং তা উভয় দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

পূর্বকোণ/কায়ছার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট