চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সর্বশেষ:

চসিকের নামে চাঁদাবাজির অভিযোগ, রানী রাসমণি ঘাটে উচ্ছেদ অভিযান

চসিকের নামে চাঁদাবাজির অভিযোগ, রানী রাসমণি ঘাটে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৬ | ৯:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে পতেঙ্গা আউটার রিং রোডের পশ্চিমে অবস্থিত রানী রাসমণি ঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ জুন) মেয়রের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ।

 

কর্পোরেশন সূত্রে জানা যায়, স্থানীয় জেলেদের অনুরোধে চলতি বছর রানী রাসমণি ঘাট ইজারা দেওয়া হয়নি এবং বর্তমানে ঘাটে খাস আদায়ের দায়িত্বও কাউকে দেওয়া হয়নি। এরপরও একটি চক্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করে। সম্প্রতি এ বিষয়ে স্থানীয়দের মানববন্ধনের পরিপ্রেক্ষিতে মেয়রের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান শেষে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, অভিযানে অবৈধভাবে নির্মিত একটি অস্থায়ী অফিস ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনা ব্যবহার করে একটি চক্র ঘাটের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং অবৈধভাবে অর্থ আদায় করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সিটি কর্পোরেশনের নামে টাঙানো অবৈধ ব্যানার অপসারণ করা হয়েছে। দোকান নির্মাণের উদ্দেশ্যে অবৈধভাবে তৈরি করা কাঠামো ও ভিত্তিও ভেঙে দেওয়া হয়েছে।

অভিযানকালে ঘাট এলাকায় অবৈধভাবে দোকান নির্মাণের লক্ষ্যে জমাকৃত নির্মাণসামগ্রী জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ২১৮টি বাঁশ, ২০টি ছোট টিনের শিট, ২০টি টিন, একটি টেবিল, চারটি চেয়ার, একটি ফ্যানসহ বিভিন্ন মালামাল।

 

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ ঘাট কাউকে ইজারা দেয়নি। ফলে সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে এখানে অর্থ আদায়ের সুযোগ নেই। ভবিষ্যতে আইনগত বিষয়াদি যাচাই-বাছাই শেষে ঘাটটির ব্যবস্থাপনার বিষয়ে কর্পোরেশন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তিনি জানান।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট