চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সর্বশেষ:

দুই বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ: শিক্ষামন্ত্রী

দুই বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

২৫ জুন, ২০২৬ | ২:০৭ অপরাহ্ণ

২০২২ সাল থেকে বকেয়া থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসরভাতা আগামী দুই বছরের মধ্যে পরিশোধের উদ্যোগ নেওয়া হবে। 

 

বুধবার (২৪ জুন) সকালে রাজধানীতে এক সভায় এ কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

 

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সংস্কার কার্যক্রমের পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, ২০২২ সালের পর অবসরে যাওয়া কোনো শিক্ষক এখনো তাঁদের প্রাপ্য অবসরভাতা পাননি। সাধারণত একজন শিক্ষক অবসরের পর ২৫ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। তাঁর দাবি, পূর্ববর্তী সরকারের আমলে সংশ্লিষ্ট তহবিল থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ হওয়ায় হাজার হাজার শিক্ষক তাঁদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হয়েছেন।

 

মন্ত্রী আরও জানান, এই সংকট নিরসনে আসন্ন বাজেটে অতিরিক্ত ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি একটি বিশেষ বন্ডের ব্যবস্থাও করা হয়েছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে সব বকেয়া অর্থ পরিশোধ করা হবে। সরকারের লক্ষ্য আগামী দুই বছরের মধ্যে এ খাতে জমে থাকা সব দাবি নিষ্পত্তি করা।

 

প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, একটি মামলার কারণে প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ দীর্ঘদিন ধরে আটকে আছে। এ সময়ের মধ্যে আরও প্রায় ১৭ হাজার শিক্ষক অবসরে গেছেন। ফলে বর্তমানে দেশের ৬০ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মামলাজট ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষাব্যবস্থার স্বাভাবিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মো. আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুর রহমান। এছাড়া ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যানসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিবিরা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট