দুই ম্যাচে গোল করে আলোচনায় আসা ইয়োহান মানজাবি ও রুবেন ভার্গাস আবারও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন। তাদের গোলে কানাডাকে ২-১ ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।
ভ্যাঙ্কুভারে বুধবার অনুষ্ঠিত ম্যাচের সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বিরতির পরপরই ৪৭তম মিনিটে মানজাবির পাস থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ভার্গাস। ৫৭তম মিনিটে ব্রিল এমবোলোর পাস কাজে লাগিয়ে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন মানজাবি।
ম্যাচের ৭৬তম মিনিটে বদলি নেমে কানাডার হয়ে একটি গোল শোধ করেন প্রমিস ডেভিড। সালিবার পাস থেকে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি স্বাগতিকরা।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। অন্যদিকে একটি জয়, একটি ড্র ও একটি হারে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে কানাডা।
ম্যাচে ৫৫ শতাংশ বল দখলে রাখা সুইজারল্যান্ড ছয়টি শটের চারটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। কানাডা ১৩টি শট নিলেও সাতটি লক্ষ্যে রেখে মাত্র একবার গোলের দেখা পায়।
এবারের আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ছয় ম্যাচের সবকটিতেই হেরেছিল কানাডা। ঘরের মাঠে এবার প্রথমে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ ড্র করে বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জন করে তারা। এরপর কাতারকে ৬-০ গোলে উড়িয়ে প্রথম জয়ের স্বাদ নেয়। শেষ ম্যাচে হারলেও ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জেসি মার্শের দল।















