ভেনেজুয়েলায় এক মিনিটের মধ্যে দুই দফায় ভয়াবহ ভূমিকম্পের রেশ না কাটতেই জাপানের উত্তর উপকূলের কাছে বৃহস্পতিবার (২৫ জুন) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ভূমিকম্পের ফলে সুনামির কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এটি ইওয়াতে প্রিফেকচারের পূর্ব উপকূলের কাছে আঘাত হানে। প্রাথমিকভাবে এর মাত্রা ৬.৯ নির্ধারণ করা হলেও পরে তা সংশোধন করে ৭.২ করা হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৬.৯ বলে উল্লেখ করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে একাধিক শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গত ডিসেম্বরের একটি ভূমিকম্পের পর এক সপ্তাহব্যাপী ‘মেগা-ভূমিকম্প সতর্কতা’ জারি করা হয়েছিল।
বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পের কম্পন রাজধানী টোকিওতেও অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সরকারের শীর্ষ মুখপাত্র মিনোরু কিহারা।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি টোকিওতে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনে ত্রাণ কার্যক্রমের প্রস্তুতির পাশাপাশি সরকারের জরুরি প্রতিক্রিয়া দল ‘মানুষের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব’ দিয়ে কাজ করছে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
আওমোরি প্রিফেকচারের হাশিকামি শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোমোকো নাগানে জানান, ভূমিকম্প সতর্কবার্তা জারি হওয়ার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন এবং মাঝারি মাত্রার দুলুনি অনুভব করেন। স্কুলে উপস্থিত শিক্ষার্থীরা নিরাপদ থাকলেও অনেক শিশু আতঙ্কে কেঁদে ফেলে। পরে দিনের সব ক্লাস বাতিল করা হয় এবং শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পাঠানো হয়।
জাপানের সরকারি টেলিভিশন চ্যানেল এনএইচকে-এর ফুটেজে সেনদাই ও মরিওকাসহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কয়েকটি শহরের সাংবাদিকদের উদ্ধৃত করে বলা হয়েছে যে, তারা কয়েক মিনিট ধরে কম্পন অনুভব করলেও কোনো ক্ষয়ক্ষতির দৃশ্য চোখে পড়েনি। ফুটেজে মানুষকে স্বাভাবিকভাবেই চলাচল করতে দেখা গেছে।
নিরাপত্তাজনিত কারণে উত্তর-পূর্বাঞ্চলে চলাচলকারী কিছু বুলেট ট্রেন ও স্থানীয় রেলসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি। কর্মকর্তারা রেলপথ ও অবকাঠামোর নিরাপত্তা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন।
পূর্বকোণ/আদর
















